ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুর সাগরসহ দুজনের বিরুদ্ধে মামলা

চাঁদা দাবি ও মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে আদেশ অপেক্ষমাণ রেখেছেন আদালত। পরে মামলার অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ আগস্ট মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমদাদুল হক লাল ও আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আবেদনে বলা হয়েছে, ফেস দ্য পিপলে মাস্তুল ফাউন্ডেশনসংক্রান্ত কয়েকটি প্রতিবেদন প্রকাশের পর আসামিরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে যান। সেখানে তারা ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরবর্তীতে মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে ইতিবাচক প্রতিবেদন প্রকাশের বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন আসামিরা। ফাউন্ডেশন কর্তৃপক্ষ ওই দাবি প্রত্যাখ্যান করলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্য পিপল অনলাইন পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ করা হয়েছে। ওই প্রতিবেদনের কারণে ফাউন্ডেশনের ২০ কোটি টাকার মানহানি হয়েছে বলেও মামলার আবেদনে দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *