
আগৈলঝাড়া উপজেলায় মাদক ও চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে বুধবার রাতে গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের পর রিয়াজ ফকিরের পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের একটি দল বৃহস্পতিবার দুপুর চারটার সময় আগৈলঝাড়া থানায় অতর্কিত হামলা চালায়।
হামলার সময় থানার ডিউটি অফিসার হালিমের ওপর শারীরিক হামলা চালানো হয়। এ সময় থানার বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে একাধিক পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং থানার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে তারা লাঠিচার্জ করতে বাধ্য হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর আগৈলঝাড়ায় এ ধরনের থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা এই প্রথম। ঘটনাটি উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানান , হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।