
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের সুয়ালক বাজারসংলগ্ন ময়দার মিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু তায়িফা সুলতানা ওই এলাকার ইলিয়াস খানের মেয়ে। সোমবার সকাল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা ইলিয়াস খান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।পুলিশ জানায়, ইলিয়াস খানের বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, নার্গিস সুলতানা শিশু তায়িফাকে তার কক্ষে নিয়ে যাচ্ছেন। পরে নার্গিসের কক্ষে তল্লাশি চালিয়ে একটি বাক্সের ভেতর থেকে তায়িফার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নার্গিস সুলতানা ভাতিজিকে গলাটিপে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।
নিহত শিশুটির পরিবারের এক সদস্য বলেন, স্বামীর সঙ্গে ছাড়াছাড়ির পর নার্গিস সুলতানা তার ভাই ইলিয়াস খানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। আপন ভাতিজিকে হত্যার ঘটনায় পরিবারের সবাই স্তম্ভিত। ভাইয়ের স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে নার্গিস হত্যার বিষয়ে বিস্তারিত কিছু বলছেন না।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ গণমাধ্যমকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নার্গিস সুলতানার কক্ষে তল্লাশি চালানো হয়। সেখানকার একটি বাক্স থেকে শিশু তায়িফার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলায় নার্গিস সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে।












Leave a Reply