
অনলাইন জুয়া ও সকল প্রকার অবৈধ লেনদেন প্রতিরোধে বরিশালের গৌরনদীতে ‘নগদ’ উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার মাহিলাড়া বাজারে মেসার্স সান্টূ ট্রেডার্সের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে মাহিলাড়া বাজারসহ আশপাশের এলাকার ‘নগদ’ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. নাজমুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ‘নগদ’-এর টেরিটরি অফিসার মো. রিয়াজুল ইসলাম।
আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের নিয়ম-কানুন ও নির্দেশনা মেনে ‘নগদ’ সেবা পরিচালনা করতে হবে। কোনোভাবেই অনলাইন জুয়া, অবৈধ লেনদেন কিংবা সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডে জড়ানো যাবে না।
তিনি আরও বলেন, অনলাইন জুয়া প্রতিরোধে ‘নগদ’ উদ্যোক্তাদের আরও বেশি সচেতন ও সতর্ক হতে হবে। কোনো লেনদেন সন্দেহজনক বা অবৈধ বলে মনে হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় অনলাইন জুয়ার ক্ষতিকর দিক, অবৈধ আর্থিক লেনদেনের ঝুঁকি এবং উদ্যোক্তাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাহকদের সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকা এবং আইন ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে আর্থিক সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত উদ্যোক্তারা অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনলাইন জুয়া ও অবৈধ লেনদেন বন্ধে এমন সচেতনতামূলক উদ্যোগকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।












Leave a Reply