
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাগবিতণ্ডার জেরে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামানের (৩১) শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে সুলতানের বিরুদ্ধে।
শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের পুকুরপাড়া মোড়ে জামালের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। এসময় আরও দুজন দগ্ধ হয়েছেন।
দগ্ধ দুজন হলেন একই এলাকার সিরাজুল ইসলাম (৪২) ও হাসান (৩২)। তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ছাত্রদল নেতা হাসানুজ্জামান শঙ্করচন্দ্র গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন হাসানুজ্জামান অভিযোগ করেন, শনিবার রাতে তিনি স্থানীয় কয়েকজনের সঙ্গে পুকুরপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আওয়ামী লীগ কর্মী সুলতান মসজিদে নামাজ পড়া নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর প্রতিবাদ জানালে রাজনৈতিক আক্রোশে সুলতান দোকানের কেটলিতে থাকা ফুটন্ত গরম পানি তার শরীরে ছুড়ে মারেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে পাশে থাকা সিরাজুল ইসলাম ও হাসানের শরীরেও গরম পানি পড়ে। এতে তিনজনই দগ্ধ হন। ঘটনার পর সুলতান পালিয়ে যান।
ভিযুক্ত সুলতান শঙ্করচন্দ্র ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আত্তাব হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধ তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হিমেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।












Leave a Reply