কৃষক কার্ডের মাধ্যমে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী

৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এই কৃষক কার্ডে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কিনা।’

মঙ্গলবার বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড চালুর কাজ চলছে। ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক, ভূমিহীন ও বড় কৃষকদের তালিকা তৈরির কাজ এগিয়ে যাচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের কাছে এ কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তারেক রহমান বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের উৎপাদিত ফসলের অন্তত একটির জন্য সার, বীজ ও কীটনাশক সরবরাহের চেষ্টা করবে সরকার। এ ছাড়া কার্ডের মাধ্যমে ফসলের বিমা এবং সহজে ব্যাংকঋণ পাওয়ার সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবহাওয়া সম্পর্কে তথ্য জানাসহ এতে প্রায় ১০ ধরনের সুবিধা থাকবে।

কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইল ফোনে এসে আপনি যদি জানতে চান, আপনি জানতে পারবেন আগামীকাল আপনার এখানে বৃষ্টি হবে কি, হবে না। তার ফলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, বীজ বপন করবেন নাকি সার দেবেন, কোন কাজটি আপনি করবেন আপনি জানতে পারবেন। এরকম ১০টি সুবিধা থাকবে কৃষক কার্ডে।’

তিনি বলেন, ‘আমরা নির্বাচনের আগে বলেছিলাম যে, বিএনপি সরকার গঠন করলে এই দেশে কৃষক ভাইসহ সমগ্র দেশের মানুষের, বিভিন্ন বিশেষ করে গ্রামে-গঞ্জে সকল  বহু মানুষের পানির কষ্ট হয়। সমগ্র বাংলাদেশের উত্তরাঞ্চল হচ্ছে দেশের শস্যভাণ্ডার, এখানে যেমন হয় অন্যান্য অঞ্চলে হয় না। শহীদ জিয়ার সময় খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। বরেন্দ্র প্রকল্প শহীদ জিয়ার সময়ে কার্যকারিতা লাভ করেছিল। আমরা সেই জন্য বলেছিলাম, আমরা সরকার গঠন করলে কৃষক ভাইয়েরা যাতে সঠিকভাবে সেচ সুবিধা পায়, সঠিকভাবে পানি পায়, গ্রামের ভিতরে মা-বোনেরা যাতে দূর থেকে কষ্ট করে পানি আনতে না হয়, সেইজন্য সমগ্র দেশে আমরা আবার খাল খনন এবং নদী সংস্কার বা নদী খনন কর্মসূচি শুরু করব। আল্লাহর রহমতে আমরা সেই কাজও আমাদের শুরু করেছি।’

তারেক রহমান বলেন, ‘আগামী পাঁচ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এর মধ্যেই প্রায় ৮০০ কিলোমিটার খাল গত ৮ মাসে আমরা খনন কার্য সম্পন্ন করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *