পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও চলমান আন্দোলনজনিত অসন্তোষ কঠোর হাতে মোকাবিলায় জরুরি ও নীতিনির্ধারণী উদ্যোগ নিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী তাঁর পূর্বনির্ধারিত সংযুক্ত আরব আমিরাত সফর বাতিল করেছেন। পাশাপাশি, পরিস্থিতি পর্যালোচনায় আজ রোববার সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও শীর্ষ উপদেষ্টাদের নিয়ে এক জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি ৬ থেকে ৭ জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে আজ রোববার বেলা সাড়ে ১১টায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপর দুপুর ১টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক পরিস্থিতি অবহিত করেন।
সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রমমন্ত্রী জানান, শ্রমিকদের প্রধান দাবি ছিল মজুরি বোর্ড গঠন, যা সরকার পূরণ করেছে। এখন শ্রমিকেরা সড়ক ছেড়ে কারখানায় নিজ নিজ কাজে ফিরে যাবেন বলে সরকার আশাবাদী। তবে কিছু কারখানায় অপ্রয়োজনীয় ছুটি ঘোষণা এবং শ্রমিকদের ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।
চলমান এই আন্দোলনের পেছনে সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান এই আন্দোলনে নিষিদ্ধঘোষিত একটি ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদককে শ্রমিক পরিচয়ে অংশ নিতে দেখা গেছে এবং এসংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।
এদিকে, মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিক ও শ্রমিক প্রতিনিধিদের পাশাপাশি স্বাধীন সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে বোর্ডের প্রথম বৈঠক কিংবা নতুন মজুরি কাঠামো কবে চূড়ান্ত হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি।












Leave a Reply