৫ মাস পর খুলল পাগলা মসজিদের দানবাক্স, গণনায় ৫ শতাধিক মানুষ

প্রায় ৫ মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে।  শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়।

পরে দানবাক্সে পাওয়া টাকা বস্তায় ভরে মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় নেওয়া হচ্ছে। সেখানে দিনব্যাপী চলছে টাকা গণনার কাজ। এতে পাঁচ শতাধিক মানুষ অংশ নিচ্ছেন।

জানা যায়, মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী জামিয়া এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা গণনার কাজে অংশ নিচ্ছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরাও এ কাজে যুক্ত রয়েছেন।

সাধারণত প্রতি তিন মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হলেও বিভিন্ন কারণে এবার ৪ মাস ২৪ দিন পর খোলা হয়েছে।। প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়।সব দানবাক্সের টাকা একত্র করার পর গণনা শুরু হবে।

পাশাপাশি গণনা কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মসজিদ এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে,  চলতি বছরের ২৭ জুন ১৮২ দিন পর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সেদিন ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে দেশি মুদ্রায় পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার ও বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া গিয়েছিল।

প্রায় আড়াইশ বছরের পুরোনো মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *