বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে দলে ফেরানোর উদ্যোগ বিএনপির

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল সমর্থিত একক প্রার্থী দেয়ার আভাস মিলেছে ইতোমধ্যে। স্থানীয় নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ তৃণমূলের বিরোধ মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করা এবং দলীয় ঐক্য বজায় রাখা। সেলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে দলটি।
দলীয় সূত্র বলছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কয়েকজনকে স্বপদেও পুনর্বহাল করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিদ্রোহী প্রার্থীরাও।
দলে ফেরার সুযোগ পেয়ে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘যেহেতু দল আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে, তাই আমি দলের সব মানুষ ও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। গত কয়েক দিনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, নড়াইলের মাটিতে কাউকে সন্ত্রাস করার সুযোগ দেব না।’
বহিষ্কৃত নেতাদের প্রত্যাশা, দলে ফিরিয়ে নেয়া হলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন তারা। একই সঙ্গে পতিত ফ্যাসিস্টদের চলমান নৈরাজ্য মোকাবিলায় দলের পাশে থাকারও অঙ্গীকার তাদের।
দলে ফেরার প্রসঙ্গে যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা আমার ভুল হয়েছে। এ জন্য আমি নিজেই অনুতপ্ত।’
এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘দল যদি মনে করে, আমাকে এবং আমার হাজার হাজার নেতাকর্মীকে তাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমি ও আমার নেতাকর্মীরা দলে ফিরতে চাই। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে আমি ও আমার কর্মীরা যতটা জানি, অন্য কেউ ততটা জানে না। কারা কী করতে পারে, কারা সন্ত্রাস বা অগ্নিসংযোগ করতে পারে, সেগুলো আমরা জানি। এসব বিষয় মাথায় রেখেই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
দুঃখ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দারুস সালাম থানার সাবেক আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে এবং মনোনয়ন দিয়েছিল। কিন্তু জোটগত কারণে আমার মনোনয়ন অন্য জায়গায় চলে যাওয়ার পরও জনগণের চাপে পড়ে আমি ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছি। বিষয়টি আমার মনে বড় দুঃখ হয়ে আছে।’
দলের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘এখনও সময় আছে। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আজও ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ককটেল হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসংযোগ করে এসেছি। আমি দলের একজন কর্মী হিসেবে আছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলের কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।’
বহিষ্কৃতদের দলে ফেরানোর প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণহারে ফেরানোর সিদ্ধান্ত হয়নি, তবে দলের চেয়ারম্যান চাইলে হতে পারে যেকোনো সিদ্ধান্ত।
বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দলের চেয়ারম্যান বিষয়টি কেস টু কেস বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তিনি যেটা মনে করবেন, সেটাই করতে পারবেন। তবে যারা ওই সময়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদের সবার বহিষ্কারাদেশ ঢালাওভাবে প্রত্যাহার করে নেয়া হবে, এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’
তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *