দুই কিডনিতে জটিলতা, স্ত্রীর ক্যান্সারে কঠিন সময় পার করছেন জুয়েল রানা

যে মানুষটি প্রতিদিন ক্যামেরার চোখে তুলে ধরেন গ্রামবাংলার সৌন্দর্য, প্রকৃতি, কৃষকের জীবন আর শৈশবের মায়ামাখা স্মৃতি, সেই মানুষটিই আজ নিজের জীবনে বয়ে বেড়াচ্ছেন কঠিন অসুস্থতার যন্ত্রণা। একদিকে দুই কিডনির গুরুতর জটিলতা, অন্যদিকে জীবনসঙ্গী স্ত্রীর ক্যান্সার। তবুও থেমে নেই জীবনসংগ্রাম। অসুস্থ শরীর নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও ‘চিত্ত মিডিয়া’র কর্ণধার ঝিনাইদহের জুয়েল রানা।

শনিবার কোন এক সময় ফেসবুক লাইভে এসে নিজের ও স্ত্রীর অসুস্থতার কথা জানান তিনি। তাদের শারীরিক অবস্থার কথা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীরা।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসিন্দা জুয়েল রানা ২০১৩ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছেন। তিনি বংশগত পলিসিস্টিক ডিজিজে আক্রান্ত। পাশাপাশি কিডনিতে পাথর হওয়ার মতো যন্ত্রণাদায়ক সমস্যাও রয়েছে। বর্তমানে তার দুই কিডনিতেই গুরুতর জটিলতা দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১১ ধরনের ওষুধ সেবন করতে হয় তাকে। শারীরিক অসুস্থতার কারণে কখনো স্বাভাবিকভাবে চলাফেরা করা কিংবা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। তবে তিনি শয্যাশায়ী নন জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছেন। অসুস্থতার মধ্যেও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছেন এই কনটেন্ট নির্মাতা।

ফেসবুক লাইভে জুয়েল রানার স্ত্রী নিশাও নিজের অসুস্থতার কথা জানান। তিনি ক্যান্সারে আক্রান্ত। স্বামীর অসুস্থতা ও প্রতিদিনের চিকিৎসার ব্যয় নিয়ে বলতে গিয়ে নিশা বলেন,একবেলা ভাত না হলেও আমাদের জীবন যায়। কিন্তু মেডিসিন না হলে আমাদের জীবন আসলে যায় না। কঠিন বাস্তবতার মধ্যেও তাদের কথায় ছিল না কোনো অভিযোগ। বরং দুজন দুজনকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছেন। এ সময় সবার কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন তারা।

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করে জুয়েল রানা শুরুতে আইন পেশায় যুক্ত ছিলেন। তবে নিরাপদ ও বাঁধাধরা পেশা ছেড়ে একসময় মনোযোগী হন কনটেন্ট নির্মাণে। গড়ে তোলেন ‘চিত্ত মিডিয়া। বাংলা সাহিত্য, কবিতা ও জীবনবোধের মিশেলে গ্রামবাংলার প্রকৃতি, সাধারণ মানুষের জীবনযাপন ও জীবনসংগ্রামের গল্প তুলে ধরে অল্প সময়েই কোটি দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। স্ত্রী নিশার সঙ্গে প্রায় আট বছরের দাম্পত্য জীবনে তাদের এক কন্যাসন্তান রয়েছে।

 

সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের সুযোগ হয় জুয়েল রানার। ওই সাক্ষাতে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন এবং প্রকৃতি নিয়ে কনটেন্ট নির্মাণ অব্যাহত রাখার উৎসাহ দেন। এ সময় দেশের কৃষি, কৃষকের জীবনমান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের বিভিন্ন সমস্যা এবং নিজের জেলা ঝিনাইদহের উন্নয়নে রেললাইন, কৃষি বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্যসেবার বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন তিনি।

যে মানুষটি নিজের সৃষ্টির মাধ্যমে লাখো মানুষের মনে গ্রামবাংলার সৌন্দর্য ও জীবনের গল্প ছড়িয়ে দিয়েছেন, আজ তার নিজের পরিবারই লড়ছে কঠিন অসুস্থতার সঙ্গে। জুয়েল রানার কিডনি জটিলতা থেকে মুক্তি এবং তার স্ত্রী নিশার ক্যান্সারমুক্ত সুস্থ জীবন ফিরে পাওয়ার জন্য দোয়া করছেন ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *