
স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান:
ঢাকা, ১৩ আগস্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনসমূহ যথাযথভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় স্থান পায়। এ সময় প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অগ্রাধিকার ও অবস্থান তুলে ধরা এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।
ড. আইরিন খান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্যমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন উভয়েই।
এ ধরনের অপপ্রচার মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল, দ্রুত ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
তথ্যমন্ত্রী এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।