
বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় শাকিল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক সাইফুলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
নিহত শাকিল উপজেলা জালিরচর গ্রামের শাহাজান পন্ডিতের ছেলে এবং আটককৃত সাইফুল একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
শনিবার (১১ জুলাই) বিকালে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা।
স্থানীয়রা জানিয়েছেন, পন্ডিত বাড়ির সামনে পুরাতন কাচারী ঘরে বসে লুডু খেলছিল দুজনে। খেলার এক পর্যায়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সাইফুল তার সঙ্গে থাকা হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। শাকিলকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা হামলাকারী সাইফুলকে আটক করে পুলিশে দেয়।
স্থানীয় বাসিন্দা সোহেল তালুকদার জানিয়েছেন,‘নিহত শাকিল ও সাইফুল বন্ধুত্বের খাতিরে তারা একসাথে চলাফেরা করতেন। তারা দুজনেই মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন। তার ধারণা মাদক সংশ্লিষ্ট বিষয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরানুল হক জানান,‘হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিল মারা যান। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, লুডু খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে করা হচ্ছে। এ ঘটনায় মুল অভিযুক্তকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ওসি আরও জানান, রাত হয়ে যাওয়ায় লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো সম্ভব হয়নি। রবিবার সকালে লাশ মর্গে পাঠানো হবে।