এবার মাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ

চলতি বছরের আলিম পরীক্ষায় মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার দাঁড়িয়েছে ৬১ দশমিক ০৭ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এবার আলিম পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রীদের ৬৪ দশমিক ৯০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছেন ছাত্রীরা।

এ বছর আলিম পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২ হাজার ২৮ জন এবং ছাত্রী ১ হাজার ২২২ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার ২ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের ৪৬০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট ৮৯ হাজার ৩২১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন।

এদিকে, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। পরে ৯ সেপ্টেম্বর ওই বোর্ডের পরীক্ষা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *