প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহন সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন ১৫০টি ট্রলি সরবরাহ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই উদ্যোগের আওতায় চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরেও ট্রলি দেওয়া হয়েছে। পাশাপাশি জাপানে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, আইনি সুরক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে নতুন কর্মসূচি চালুর তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।
সোমবার (১৯ অক্টোবর) বিমানবন্দরে ট্রলি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উদ্যোগে দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ২০০টি ট্রলি সরবরাহ করা হয়েছে। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে ২৫টি করে ট্রলি দেওয়া হয়েছে। নতুন ট্রলিগুলো ব্যবহার করে প্রবাসী কর্মীরা বিমানবন্দরে লাগেজ পরিবহনে বাড়তি সুবিধা পাবেন।
জাপানে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী জানান, প্রচলিত ‘টেকনিক্যাল ইন্টার্নশিপ’ পদ্ধতির পরিবর্তে ‘অ্যামপ্লয়মেন্ট ফর স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইএসডিপি) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, চুক্তির মাধ্যমে জাপানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা, দুই দেশের মধ্যে কর্মী পাঠানো ও গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সুযোগ সম্প্রসারিত হবে। এর ফলে বাংলাদেশি কর্মীদের তুলনামূলক বেশি বেতন এবং জাপানে দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ তৈরি হবে বলে তিনি জানান।
চুক্তির আওতায় বাংলাদেশি কর্মীরা জাপানের স্থানীয় শ্রমিকদের সমপর্যায়ের আইনি সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
মন্ত্রী আরও জানান, গর্ভাবস্থা কিংবা সন্তান জন্মদানের কারণে নারী কর্মীদের চাকরি থেকে বাদ দেওয়া বা তাঁদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। এসব কারণে তাঁদের জোর করে বাংলাদেশে ফেরত পাঠানোর বাধ্যতামূলক বিধানও চুক্তিতে রাখা হয়নি বলে তিনি উল্লেখ করেন।
সৌদিতে নিহত বাংলাদেশিদের মরদেহ ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে বোমা হামলায় নিহত দুই বাংলাদেশির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, তাঁদের একজন অভিবাসী শ্রমিক এবং অন্যজন ওমরাহ যাত্রী ছিলেন। নিহতদের একজনের বাড়ি বগুড়ায়, অন্যজনের বাড়ি কুমিল্লায়।
তিনি বলেন, আকাশপথের যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে অগ্রাধিকার ভিত্তিতে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।
মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের জবাবের অপেক্ষা
সম্প্রতি সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে মন্ত্রী জানান, ঘটনাটি সম্পর্কে সঠিক তথ্য জানতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সৌদি কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাব পাওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমকে জানানো হবে।
ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. আসাদুজ্জামান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ মন্ত্রণালয় ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












Leave a Reply