
গৌরনদী উপজেলা ভূমি অফিসে বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) “সাপ্তাহিক বৃহস্পতিবার: জনগণের কাছে এসিল্যান্ড জবাব” শীর্ষক গণশুনানি কার্যক্রম চলমান রয়েছে। তবে অনলাইন সিস্টেমের রক্ষণাবেক্ষণ (মেইনটেন্যান্স) কাজ চলায় ভূমি সংক্রান্ত অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এ অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান অনলাইন সেবাসংক্রান্ত কাজে আগ্রহী সেবাপ্রার্থীদের এ দিনের গণশুনানিতে না আসার অনুরোধ জানিয়েছেন। তিনি জানান, ইতোমধ্যে উপজেলা ভূমি অফিসে ২০০ জনেরও বেশি মানুষ উপস্থিত হয়েছেন।
তিনি আরও বলেন, এ দিন উপস্থিত অধিকাংশ সেবাপ্রার্থীর কারওই নির্ধারিত শুনানির তারিখ ছিল না। অনেকেই এসেছেন এসএমএস বার্তা দেখতে না পেরে শুনানি মিস করায়, কেউ খতিয়ান অনুমোদনের পর কীভাবে তা প্রিন্ট করবেন সে বিষয়ে জানতে, আবার কেউ আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র বা আবেদনের ত্রুটি সম্পর্কে পরামর্শ নিতে। এছাড়া কেউ কেউ নামঞ্জুর হওয়া আবেদন বা আপত্তি সংক্রান্ত বিষয় নিয়েও উপস্থিত হয়েছেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, মানুষের ভোগান্তি কমানো এবং ভূমি সেবাকে দালালমুক্ত রাখতে কষ্ট হলেও প্রত্যেকের কথা ধৈর্যসহকারে শোনা হচ্ছে। তিনি ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।