খুলনার রূপসায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামের একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জাকির হোসেন (৪৩) নামে ওই বিএনপি নেতাকে যখন গুলি করা হয়, তখন খুলনা সার্কিট হাউস মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা চলছিল। রাত ১০টা ৫০ মিনিটে শেষ হওয়া ওই সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়।
জাকির হোসেনের বাড়ি রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন জাকির। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাঁকে লক্ষ্য করে মাথায় গুলি ছুড়ে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি।
সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযানের সিদ্ধান্ত
খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভায় চলমান সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। গতকাল রাত সাড়ে ১০টা পর্যন্ত খুলনা সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ ও অপরাধ দমনে বিভিন্ন ইউনিটের সমন্বয়ে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা, মহাসড়ক ও প্রধান সড়কে চেকপোস্ট স্থাপন, এ কাজে ২০০ জন আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাজ্জাদুর রহমান, র্যাব-৬, জেলা পুলিশ, নৌপুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ডসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যায় খুলনা সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও চিকিৎসক নেতারা উপস্থিত ছিলেন।
তাঁরা বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, একটি শহর এভাবে চলতে পারে না। অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের দক্ষ কর্মকর্তাদের নিয়ে যৌথ বাহিনী গঠন করে বিশেষ অভিযান শুরু করতে হবে। সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত রাখতে হবে।
উপস্থিত ব্যক্তিদের মতামত শোনেন খুলনার বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিয়ে পৃথক আরেকটি বৈঠক শুরু হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি-সংক্রান্ত বিশেষ সভায় সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান, ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনি, বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, এনসিপির আহ্বায়ক আহমেদ হামীম রাহাত, খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক, মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (দক্ষিণ) রিপন চন্দ্র সরকার প্রমুখ। এ ছাড়া র্যাব ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী ও চিকিৎসক নেতারাও উপস্থিত ছিলেন।












Leave a Reply