গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী ও স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়াল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বামীর নাম মো. মামুন হোসেন আশরাফুল। তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকার দেওলিয়াবাড়ি গ্রামের নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে। দুর্ঘটনায় তার স্ত্রী ও শিশুপুত্রও নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়াল সেতুর ওপর মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যানবাহন তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই স্বামী, স্ত্রী ও শিশুপুত্রের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে নিহত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম এবং কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় তিনজনই ঘটনাস্থলে মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যাওয়ার পর কোনো ট্রাক বা বাস তাদের ওপর দিয়ে চলে যায়। তবে কোন যানবাহনের ধাক্কায় বা চাপায় তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।












Leave a Reply