
গৌরনদী (বরিশাল), ২১ জুলাই ২০২৬: গৌরনদী উপজেলায় মাদক নির্মূলে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে তিখাসার, টরকী চাতাল ও ঈগল পরিবহন কাউন্টারসংলগ্ন গলিতে পরিচালিত অভিযানে এক মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তির স্বীকারোক্তির ভিত্তিতে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের বাসা ও বিক্রয়স্থলে অভিযান চালানো হলে এক ব্যবসায়ী পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কার্যক্রমে ব্যবহৃত সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, ডিভিআর থেকে প্রাপ্ত তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।