মোঃ মেহেদী হাসান।
বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের মানিক বেপারীর হাতের রগ কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মুন্না খানকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে তিনি ১১ দিন ধরে আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তার মুন্না খান একই ইউনিয়নের বাবুল খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মানিক বেপারীর ওপর হামলার ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়েরের পর থেকেই মুন্না খান আত্মগোপনে ছিলেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় তাঁর অবস্থান শনাক্ত করা হয়। এরপর এসআরবি (SRB) তাঁকে আটক করে ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করে।
পরবর্তীতে গৌরনদী থানার সরিকল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও এএসআই কামালের নেতৃত্বে পুলিশের একটি দল হাতিরঝিল থানা থেকে মুন্না খানকে নিজেদের হেফাজতে নেয়।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।












Leave a Reply