ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগের নেতাকর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ঢাকা থেকে বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ বাড়িতে ফেরার পথে গোপালগঞ্জ থেকে জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পাওয়ায় তাকে তুলে নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা।

পারিবারিক ও দলীয় সূত্র জানায়, বুধবার (১৮ নভেম্বর) রাতে একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হন মনিরুল হক ফরাজি। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন এবং গাড়িচালক হাসান। পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তদের কবলে পড়েন তারা। স্থানীয়ভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে তাকে তুলে নেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে হামলাকারীদের হাত থেকে ময়েন ও গাড়িচালক হাসান নিরাপদ স্থানে সরে আসতে সক্ষম হন।

বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন বলেন, ‘একটি প্রাইভেটকারে করে ঢাকা থেকে বাগেরহাটে যাচ্ছিলাম। পথে কয়েক জায়গায় রাস্তার ওপর গাছ ফেলানো ছিল। অনেক চেষ্টা করে ঘোনাপাড়া এলাকায় এসেছি। ঘোনাপাড়ার আশপাশে থাকা অবস্থায় অস্ত্রধারী একটি দল আমাদের গাড়ি আটকে দেয়। একপর্যায়ে তারা গাড়ি ভাঙচুর শুরু করে। আমাদের কাছে থাকা টাকা, মুঠোফোন ছিনিয়ে নেয়। মুঠোফোন ও মানিব্যাগ চেক করে। আমাদের মারধর করে তারা। একপর্যায়ে আমাকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও, মনিরুল হক ফরাজির ফোনে প্রধানমন্ত্রীর ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি পায়। সন্ত্রাসীরা বিএনপি বলে চিৎকার করে। পরে মনিরুল হক ফরাজীকে ওরা ধরে নিয়ে যায়। সে সময় গাড়ি ফেলে আমি ও গাড়িচালক কোনোভাবে জীবন নিয়ে ফিরে এসেছি।’

শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আরও বলেন, ‘অনেক কষ্ট করে মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে রয়েছি। পুলিশকে জানানো হয়েছে। ৯৯৯-এ ফোন করে জানিয়েছি। মনিরুল হক ফরাজিকে খুঁজতে দলীয়ভাবেও চেষ্টা করা হচ্ছে। আর গাড়িটি কোনো সড়কের পাশে পাওয়া গেছে বলে একটি সূত্র আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারিনি।’

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, ‘শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন আমাদের জানিয়েছেন মনিরুল হক ফরাজির নিখোঁজের ঘটনা। আমরা উদ্ধারের চেষ্টা করছি। আমাদের দলীয় হাইকমান্ডের সবাইকে জানানো হয়েছে।’

তবে এ বিষয়ে এখনো পুলিশ বা প্রশাসনের ও মনিরুল হক ফরাজির স্ত্রী-সন্তানেরা বর্তমানে দেশের বাইরে থাকায় তাদের পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, ‘মনিরুল হকের বিষয়ে আপনাদের মাধ্যমেই শুনেছি। আমরা সার্বিক খোঁজ-খবর নিচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *