
গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল-বোরাদী মৌজায় উদ্ধার হওয়া নদীসংলগ্ন প্রায় ১৫ একর সরকারি জমিতে সম্ভাব্য ইকোপার্ক নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২০০টি শিমুল গাছের চারা রোপণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীমের সহযোগিতায় ইকোপার্কের নির্ধারিত স্থানে প্রবেশের সড়কের নির্মাণকাজ প্রায় সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসানের উদ্যোগে ওই এলাকায় শিমুল গাছের চারা রোপণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান বলেন, ইকোপার্কটি বাস্তবায়িত হলে গৌরনদী উপজেলার মানুষের দীর্ঘদিনের একটি মানসম্মত বিনোদনকেন্দ্রের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া সরকারি জমি জনগণের সম্পদ। ভবিষ্যতে যাতে কোনো ভূমিদস্যু এই জমি দখল করতে না পারে, সে বিষয়ে স্থানীয় সচেতন নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানান।
এদিকে সংশ্লিষ্টরা জানান, বর্তমানে নির্মাণাধীন প্রবেশপথ ব্যবহার করে দর্শনার্থীরা সরাসরি যানবাহন নিয়ে নির্ধারিত স্থানে যেতে পারবেন। তবে ইকোপার্ক নির্মাণের বিষয়টি সরকারি অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়ার ওপর নির্ভরশীল।