স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদার) জহির উদ্দিন স্বপন এমপি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জহির উদ্দিন স্বপন বলেন, “দল করবেন বিএনপি, কথা বলবেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মতো—তা হবে না। এদের চিনে রাখুন।” দলের ভেতরে কোনো বিভেদ না রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল; কোটি কোটি মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছিল এবং আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করতে হবে বলে তিনি বলেন। পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন ও বুদ্ধিজীবীরা তাদের ডাকে সাড়া দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না, মহিলা দলের নেত্রী নয়ন খানম ও ফারহানা আক্তার, ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লা, যুগ্ম আহ্বায়ক আবু বকর ছিদ্দিক, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা শাহাদাত বিশ্বাস। এছাড়া উপজেলার বিএনপি নেতাসহ পাঁচটি ইউনিয়নের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।












Leave a Reply