মেহেন্দিগঞ্জে মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা।

স্টাফ রিপোর্টার, মোঃ মেহেদী হাসান।

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ১নং আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিলি ওই এলাকার প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে এবং আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে লেখাপড়ার বিষয় নিয়ে মিলিকে বকাঝকা করেন তার মা মোকছেনুর বেগম। এতে মায়ের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই নিজের কক্ষে ঘুমিয়ে পড়ে সে। মেয়েকে ঘুমিয়ে পড়েছে ভেবে রাতে আর খাবার খেতে ডাকেননি তার মা।

পরদিন শনিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে মিলিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য ডাকতে তার কক্ষে যান মা। এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে সন্দেহ হলে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। একপর্যায়ে জানালার গ্লাস ভেঙে ভেতরে তাকালে জানালার গ্রিলের পাশে ওড়না পেঁচানো অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।

এবিষয়ে মিলির মা মোকছেনুর বেগম গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যবর্তী কোনো এক সময়ে পরিবারের অগোচরে এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে কাজিরহাট থানার এসআই আলমগীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কাজীরহাট থানার এস আই আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *