বিএনপি সমর্থকের বাড়ির সামনে ‘জাদুটোনার’ পুতুল, এলাকায় আতংক

বাংলার বার্তা ডেস্কঃ

গাজীপুরের শ্রীপুরে এক গ্রাম্য মাতবরের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি কাফনের কাপড় পরানো একটি পুতুল রেখে গেছে দুর্বৃত্তরা। পুতুলটির বুকে বেশ কয়েকটি বেল ও সাদা কাপড়ে লাল রঙের দাগ রয়েছে। এ ছাড়া বাড়ির ফটকের সামনে আটা বা ময়দা দিয়ে বৃত্ত এঁকে তাতে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুতুলটি দেখতে বাড়িতে ভিড় করছেন উৎসুক গ্রামবাসী। কেউ এটিকে জাদুটোনা, আবার কেউ শত্রুতার জেরে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা বলে ধারণা করছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ি গ্রামে আলী হোসেন (৫৫) নামের ওই ব্যক্তির বাড়ির ফটকের সামনে এসব আলামত দেখতে পান পরিবারের সদস্যরা।

আলী হোসেন শিরিশগুড়ি গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসী ছিলেন। প্রায় ১০ বছর ধরে দেশে ফিরে নিজ বাড়িতে বসবাস করছেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিএনপির সমর্থক। তবে দলীয় কোনও পদে না থাকায় রাজনৈতিক মিছিল-মিটিংয়ে অংশ নেন না বলে জানিয়েছেন তিনি।

 

আলী হোসেন জানান, তার বাবা এলাকায় সালিশ-বিচার করতেন। সেই সূত্রে গ্রামের বিভিন্ন সমস্যা ও আলোচনায় তাকেও ডাকা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা দায়িত্ব দিলে তিনিও ছোটখাটো সালিশ-বিচার করেন। তার তিন মেয়ের সবাই বিবাহিত এবং শ্বশুরবাড়িতে থাকেন। বর্তমানে তিনি ও তার স্ত্রী বাড়িতে বসবাস করেন। গ্রামের কারও সঙ্গে তার বা পরিবারের সদস্যদের কোনও বিরোধ কিংবা মনোমালিন্য নেই। কারা, কেন বা কী উদ্দেশ্যে বাড়ির সামনে এমন ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না তিনি।

 

ঘটনার বর্ণনা দিয়ে আলী হোসেন বলেন, সকালে ফজরের নামাজ পড়ে গেট খুলতে গিয়ে দেখি, আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত এঁকে রাখা হয়েছে। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের মতো দুটি দাগ দেওয়া। সেই দাগের ওপর খড় দিয়ে তৈরি একটি পুতুল রাখা হয়েছে। পুতুলটিকে কাফনের মতো সাদা কাপড় পরানো। এর বুকে ১৫ থেকে ২০টি বেল গেঁথে রাখা হয়েছে। সাদা কাপড়ের বুকের অংশে সিঁদুরের মতো লাল রং দেওয়া। চারপাশেও লাল রং ছড়িয়ে রাখা হয়েছে। পুতুলটির বাম হাত ও বাম পা বাঁধা ছিল। পাশে গোলাপজলের একটি বোতল ও এক প্যাকেট আগরবাতি পড়ে ছিল। পুতুলের পাশে আগরবাতি জ্বালানো হয়েছিল বলে মনে হয়েছে। সেখানেও ছাই পড়ে ছিল।

 

তিনি আরও বলেন, আমি ও আমার স্ত্রী দুজনই বাড়িতে থাকি। গতকাল রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে গেট বন্ধ করে দিয়েছি। এরপর আর বাইরে যাইনি। আমার কারও সঙ্গে কোনও শত্রুতা নেই। সকাল থেকে লোকজন এসে ঘটনাটি দেখছেন। কেউ বলছেন, জাদুটোনা বা কুফরি করা হয়েছে। আবার কেউ বলছেন, শত্রুতার কারণে এমনভাবে মৃত্যুর ইঙ্গিত দিয়ে ভয় দেখানো হচ্ছে। কে বা কারা কেন এমন কাজ করেছে, কিছুই বুঝতে পারছি না।

 

আলী হোসেনের প্রতিবেশী ও শ্রীপুর সাবরেজিস্ট্রি অফিসের ভেন্ডার আলী আকবর বলেন, আলী হোসেন বিদেশ থেকে ফিরে দীর্ঘদিন ধরে বাড়িতেই বসবাস করছেন। আমার জানামতে, তার কোনও শত্রু নেই। কারা, কেন এবং কী উদ্দেশ্যে এ ধরনের পুতুল রেখে গেছে, তা বুঝতে পারছি না।

 

প্রতিবেশী সুফিয়া খাতুন (৬০) বলেন, দেখে মনে হচ্ছে, কেউ জাদুটোনা করার উদ্দেশ্যে এসব করে রেখেছে, যাতে তিনি ভয় পান। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি বলেন, গ্রামাঞ্চলের মানুষ সাধারণত সহজ-সরল। একজনের বাড়ির সামনে এ ধরনের পুতুলসদৃশ মূর্তি রেখে যাওয়ার ঘটনায় গ্রামের সবাই আতঙ্কিত।

 

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা বাড়ির ফটকের সামনে এমন ভয়ঙ্কর নকশা এঁকে কাফনের কাপড় পরানো পুতুলসদৃশ মূর্তি রেখে গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই শিরিশগুড়ি গ্রামে আতঙ্ক ও কৌতূহল বিরাজ করছে। এর পেছনের রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে এই মাত্র ঘটনাটি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। পুলিশ ফিরে এলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলতে পারবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *