পদ হারালেন ছাত্রদল নেতা নয়ন

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা এস এম নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কাছেও পাঠানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়নকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার একটি আপত্তিকর ভিডিও কলে কথোপকথের ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে চট্টগ্রামের পটিয়াসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গণ এবং ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা ও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *