পাকিস্তানের পার্লামেন্টে দাদার ছবির নিচে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও নিজের দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই প্রতিকৃতির নিচে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করে তিনি উল্লেখ করেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই সংসদ ভবনে দাঁড়ানোর মুহূর্তটি তার কাছে অত্যন্ত গর্বের এবং এটি তাঁর পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার স্মারক।

ফেসবুক পোস্টে হুমাম কাদের লেখেন, যখন ইতিহাস একান্ত ব্যক্তিগত হয়ে ওঠে, তখন তা কেবল অতীতের সঙ্গেই সংযুক্ত করে না, বরং ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়। ছবিটিকে নিছক একটি মুহূর্তের স্মৃতি না ভেবে তিনি একে প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকারের প্রতিফলন এবং জনসেবার প্রতি দায়িত্ববোধের অনন্য নিদর্শন হিসেবে অভিহিত করেন।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে বর্তমানে একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তান সফর করছে। এই সফরের অংশ হিসেবে বুধবার প্রতিনিধিদলটি ইসলামাবাদের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে এবং জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখে। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে ভবনটির ঐতিহাসিক তাৎপর্য ও আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *