
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নারীর নাম সুমা বেগম (২৪)। তিনি একই এলাকার সৌদি প্রবাসী সুমন মাঝির স্ত্রী এবং ওমর ফারুখ সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭-৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম মুনায়েম। তবে গত ৫-৬ মাস ধরে দাম্পত্য কলহের কারণে সুমা বেগম স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় তাদের সন্তান দাদার বাড়িতে থাকত।
মঙ্গলবার সকালে বাবার বাড়ি থেকেই সুমা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে এসআই আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply