সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসে নিকৃষ্টতম বিচারিক অবিচার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনাকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই রায়কে বিচারিক অবিচার বা মিসক্যারেজ অব জাস্টিস বলে উল্লেখ করেন তিনি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এসএম আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের শুনানিতে বুধবার (১৯ নভেম্বর) কাদের মোল্লার মামলার রায় নিয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি। শুনানিতে রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও আসামিপক্ষে আইনজীবী শিশির মনির থাকলেও তারা এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে, প্রধান বিচারপতির মন্তব্যের বিষয়টি আদালতে উপস্থিত একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রধান বিচারপতি বলেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও মন্তব্য করেন তিনি।

আপিল বিভাগে শুনানিতে প্রশ্ন ওঠে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কীভাবে একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যার বয়স ছিলে ১৩ বছর?

 

এ সময় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া এবং আবদুল কাদের মোল্লার মামলার রায় প্রসঙ্গেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেন প্রধান বিচারপতি। তিনি বলেন, সংক্ষিপ্ত রায়ের ভিত্তিতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা। তবে প্রধান বিচারপতির এসব বক্তব্য শুনানির সময় করা মন্তব্য; সংশ্লিষ্ট আপিলের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়।

২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি শেরপুরের নকলা উপজেলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্তরা হলেন এসএম আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং এ কে এম আকরাম হোসেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে পরে তারা আপিল করেন। তিনজনই বর্তমানে কারাগারে রয়েছেন।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই রায় প্রত্যাখ্যান করে, তার ফাঁসির দাবিতে সেদিন ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ নামে একটি আন্দোলন গড়ে ওঠে, পরে এই আন্দোলনের পেছনে সরকারি পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠে।

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিচারের সময় খালাস ছাড়া অন্য দণ্ডের বিরুদ্ধে আইনে প্রসিকিউশনের আপিলের সুযোগ ছিল না। গণজাগরণ মঞ্চের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি আইন সংশোধন করে প্রসিকিউশনের আপিলের সুযোগ তৈরি করা হয়।

পরে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন থেকে আপিল করলে ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন করাদণ্ডের পরিবর্তে সাজা বাড়িয়ে কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেয়। ওই বছরের ১২ ডিসেম্বর রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি ছিলে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *