সিডরে ছেলে হারানোর ১৯ বছর, এখনো বেড়িবাঁধের অপেক্ষায় মা

২০০৭ সালের ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডরের সেই রাতে জীবন বাঁচাতে পরিবারের সদস্যদের নিয়ে গাছে আশ্রয় নিয়েছিলেন হনুফা বেগম। কিন্তু শেষ রক্ষা হয়নি তার ১২ বছরের ছেলে রাব্বির। পানির তোড়ে কোথায় হারিয়ে যায় ছেলে। তা বুঝে ওঠার আগেই চারদিকে শুরু হয় বাঁচার লড়াই। ছেলেকে না পেয়ে চিৎকার করে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু তখন সবাই নিজের জীবন বাঁচাতে ব্যস্ত। কেউ তার আর্তনাদ শুনতে পাননি। পরে পানি নেমে গেলে আশপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খড়ের গাদার কাছে পাওয়া যায় রাব্বিকে। ততক্ষণে নিভে গেছে তার প্রাণ।
সেই ঘটনার ১৯ বছর পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক ভুলতে পারেননি মা হনুফা। পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বেপসাবুনিয়া গ্রামের এই নারী এখনো বসবাস করছেন সেই বাড়িতেই। সিডরে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পর সরকারি সহায়তায় নতুন ঘর পেয়েছিলেন তারা। তবে সিডরের সেই ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে পরিবারটিকে। এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় সামান্য জোয়ার কিংবা বৃষ্টিতেই ঘরে পানি ঢুকে পড়ে। গত বছরও গলা সমান পানিতে তলিয়ে গিয়েছিল তাদের বসতভিটা।
হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
হনুফার পরিবারে এখনো রয়েছে নিরাপদ আশ্রয়ের সংকট। তার মেয়ে শাহনাজ বলেন, ‘আমাগো বলেশ্বর নদীর তীরে বাড়ি। এহানের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। মোগো এহানে কোনো উঁচা জায়গা বা ঘরবাড়ি নেই। যে কারণে সামান্য ঝড়েই ভয়ে থাহি। নিরাপদ আশ্রয়ে নেওয়ার কোনো জায়গা নেই। এহানে একটা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র দরকার।’
শুধু হনুফার পরিবার নয়, পিরোজপুরের নদীতীরবর্তী বিভিন্ন এলাকার মানুষের জীবনেও সিডরের ক্ষত এখনো রয়ে গেছে। নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি হারানোর শঙ্কায় দিন কাটছে তাদের। মেঘ কিংবা বৃষ্টি দেখলেই আতঙ্কে নদীর পাড়ে ছুটে আসেন ৮০ বছর বয়সী বুরূজান বিবি। গত কয়েক বছরে কচা নদীর ভাঙন তাদের বাড়ির একেবারে কাছে চলে এসেছে। প্রতিদিন নদীর পাড়ে গিয়ে দেখেন, কতটুকু জমি আবার নদীগর্ভে বিলীন হলো। বর্ষা মৌসুমে শেষ আশ্রয়টুকুও হারানোর আশঙ্কা তাদের মতো নদীতীরবর্তী অনেক পরিবারের।
স্থানীয় বাসিন্দা লোকমান শেখ (৭৫) সিডরের সেই ভয়াবহ রাতের স্মৃতি মনে করে বলেন, ‘ঘূর্ণিঝড় সিডর ২০ মিনিট ছিল। হেইয়ার মধ্যে অনেক কিছু হয়ে গেছে। রাস্তার ইটগুলো সব উল্টাইয়া লইয়া গেছে। তারপরে পানি ঘুরতে ঘুরতে উইঠছে। সমস্ত কিছু মারা গেছে। গরু মরছে, ছাগল মরছে, হাঁস-মুরগি মরছে। মোরা পানির লগে ভাইসা গেছি। এখানে একজন মানুষ মারা গেছে, মাঝের চরে মারা গেছে তিনজন। আমার গরু মরছে চারডা ও ছাগল মরছে আটডা।’
স্থানীয় জনপ্রতিনিধি সেন্ট শেখ বলেন, সিডরের সময় ইন্দুরকানী উপজেলায় ৬০ থেকে ৬৫ জনের মৃত্যু হয়েছিল। তার নিজের ওয়ার্ডেও তিন থেকে চারজন মারা যান। সিডরের সময় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের ইট এখনো ঠিক করা হয়নি। অনেক জায়গায় সেগুলো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। রাস্তাঘাটেরও আশানুরূপ উন্নয়ন হয়নি।
একই এলাকার বাসিন্দা শামসুদ্দিন মোল্লা (৬৫) জানান, বর্তমানে যে বেড়িবাঁধ রয়েছে, তা দিয়ে মানুষের জীবন রক্ষার নিশ্চয়তা নেই। সামান্য ঝড় বা জলোচ্ছ্বাস হলেই লোকালয় পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, ‘এহন যে বেড়িবাঁধ আছে, এতে মানুষ বাঁচার কোনো নিশ্চয়তা নেই। একটু ঝড়-তুফান অইলেই পানিতে সব তলাইয়া যায়। এহন যদি একটা ভালো বেড়িবাঁধ অইতো, তাইলে মানুষ বাঁচতে পারতো। মাটি সব গলাইয়া গেছে, মাথা সমান পানি অইছে। অনেক গরু, ছাগল ও মানুষ মারা গেছে।’
২০০৭ সালের ১৫ নভেম্বর দিনভর বৃষ্টির পর গভীর রাতে শুরু হয় ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডব। প্রবল বাতাস ও নদীর জলোচ্ছ্বাসে মুহূর্তেই তছনছ হয়ে যায় উপকূলের জনপদ। সিডরের তাণ্ডবে পিরোজপুরের উপকূলীয় এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন ইন্দুরকানী (বর্তমান জিয়ানগর), মঠবাড়িয়া ও ভান্ডারিয়া উপজেলা। বলেশ্বর ও কচা নদীর তীরবর্তী এসব এলাকায় প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড়ো বাতাসে ব্যাপক প্রাণহানি ঘটে। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট। বিশেষ করে নদীতীরবর্তী জনপদগুলোতে সিডরের আঘাত ছিল ভয়াবহ।
সরকারি হিসাব অনুযায়ী, সিডরে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। সম্পূর্ণ বিধ্বস্ত হয় ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি। নষ্ট হয় ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি ফসলি জমি। জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল জেলে ও মৎস্যজীবীদের জীবন-জীবিকাও। নৌকা, ট্রলার, শুঁটকি মাছ ও ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনেকেই আর্থিক সংকটে পড়েন। দুর্যোগের পর উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা ও ঘরবাড়ি নির্মাণে কাজ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সিডরে বহু মানুষ মারা যান এবং অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ঘরবাড়ি নির্মাণ করে দেয়। দুর্যোগের পরদিন থেকেই নগদ অর্থ বিতরণসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় পিরোজপুর রেড ক্রিসেন্টের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সিডরে ক্ষতিগ্রস্ত ইন্দুরকানী-হুলারহাট এলাকার বেড়িবাঁধ পরবর্তী সময়ে পুনর্নির্মাণ করা হয়েছিল। এসব বেড়িবাঁধ এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এ ছাড়া অনুন্নয়ন রাজস্ব খাতের আওতায় শংকরপাশা ও শারিকতলা এলাকায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে।
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীসংলগ্ন এলাকার জন্য একটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। সমীক্ষা প্রতিবেদন পাওয়ার পর ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, সিডরের পর দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগাম সতর্কবার্তা পৌঁছে দিতে জেলাজুড়ে নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। দুর্যোগের পূর্বাভাস পাওয়ার পর ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার প্রস্তুতি থাকে। জেলায় ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে প্রশাসনের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।
জেলা প্রশাসক বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর অনেকাংশ মেরামত করা হয়েছে। যেসব কাজ এখনো বাকি রয়েছে, সেগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *