ভোর হতে না হতেই বই-খাতা হাতে আঁকাবাঁকা মেঠোপথ ধরে হেঁটে চলে একদল শিশু। কারও মনে চিকিৎসক হওয়ার স্বপ্ন, কেউ হতে চায় বড়ো কোনো কর্মকর্তা, আবার কেউ শিক্ষক। কিন্তু তারা যে বিদ্যালয়ে পড়তে যায়, সেখানে পৌঁছানোর পর থমকে দাঁড়াতে হয় বাস্তবতার নির্মম চিত্রে। মাথার ওপর মরিচা ধরা জরাজীর্ণ টিনের চাল, মাটির দেয়াল, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা স্বাস্থ্যসম্মত শৌচাগার। এমনকি তৃষ্ণা মেটাতে কৃষি জমিতে সেচ দেওয়ার ড্রেনের পানিই ভরসা এই কোমলমতি শিশুদের। চরম প্রতিকূলতা ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে এভাবেই প্রতিদিন পাঠ গ্রহণ করছে চাঁপাইনবাবগঞ্জের একটি অবহেলিত গ্রামের শিশুরা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামটি মূলত আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত। চারপাশ গ্রামীণ জনপদঘেরা এই এলাকার প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে সরকারের কোনো প্রাথমিক বিদ্যালয় বা বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান নেই। ফলে এই অঞ্চলের শিশুদের প্রাথমিক শিক্ষার একমাত্র ভরসা ‘বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। প্রায় ১৭ বছর ধরে কোনো ধরনের বেতন-ভাতা ছাড়াই নিজেদের পকেটের টাকা খরচ করে এই বিদ্যালয়টি টিকিয়ে রেখেছেন পাঁচ নিবেদিতপ্রাণ শিক্ষক।
স্থানীয়রা জানান, ১৯৮৫ সালে আর্থিক সহায়তায় ‘বড়াইল মিশন স্কুল’ নামে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিলো। পরবর্তী সময়ে মিশনারিরা চলে গেলে ২০০৫ সালে এর শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন বছর বিরতির পর ২০০৮ সালে নতুন নামে আবারও চালু হয় প্রতিষ্ঠানটি। কিন্তু আর্থিক সঙ্কটের জেরে ২০১৬ সালে ৯ মাস বিদ্যালয়টি সম্পূর্ণ বন্ধ থাকে। পরবর্তীতে শিক্ষক ও এলাকার কিছু স্বচ্ছল মানুষের সহযোগিতায় তা আবার চালু করা হয়। বর্তমানে এখানে প্রায় ১২০ জন শিশু পড়াশোনা করছে। আশপাশের সাত-আটটি গ্রামের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা এই প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভরশীল।
সরেজমিন, বিদ্যালয়টির অবকাঠামো বলতে রয়েছে মাটির দেয়াল আর মরিচা ধরা টিনের ছাউনি। বর্ষা মৌসুমে চালের ছিদ্র দিয়ে ভেতরে পানি পড়ে, ব্যাহত হয় পাঠদান। পর্যাপ্ত বেঞ্চ ও শিক্ষা উপকরণের অভাবে একই কক্ষে গাদাগাদি করে বসাতে হয় একাধিক শ্রেণির শিক্ষার্থীদের। নেই বিদ্যুৎ সংযোগ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিথী রাণী জানায়, মেয়েদের বিশেষ শারীরিক দিনগুলোতে শৌচাগার না থাকায় তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা বন্ধ রাখতে হয়। এছাড়া পড়ালেখায় অতিরিক্ত সুযোগ-সুবিধা না থাকায় দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। অপর শিক্ষার্থী স্মৃতি রানি টপ্প জানায়, আগে যেখানে তিন শতাধিক শিক্ষার্থী ছিলো, আজ তা কমে নেমেছে ১২০ জনে। শিশু বয়সেই অনেকের বিয়ে হয়ে যাচ্ছে।
আরেক শিক্ষার্থী সাগর এক্কা বলে, এখানকার শিক্ষার্থীরা সবাই দিনমজুরের সন্তান। বিদ্যালয় থেকে কোনো খাবার বা আর্থিক সুবিধা না থাকায় তারা বাধ্য হচ্ছে পড়ার পাশাপাশি কাজ করতে। ফলে অনেকেই বাস্তবতার চাপে ঝরে পড়ছে।
যেখানে শিক্ষকরা নিয়মিত বেতনের প্রত্যাশা করেন, সেখানে বড়াইল বিদ্যালয়ের এই পাঁচ শিক্ষক গত ১৭ বছর ধরে সম্পূর্ণ অবৈতনিক সেবা দিয়ে যাচ্ছেন। স্থানীয় ওয়ার্ড সদস্য ফয়সাল কবির জানান, উপবৃত্তি, সাইকেল বা অন্য সুবিধা তো দূরের কথা, অনেক সময় শিক্ষার্থীদের পোশাকও দিতে হয় কর্মরত শিক্ষকদের। স্থানীয় স্বচ্ছল ব্যক্তি ও শিক্ষকদের আন্তরিকতায় শ্রেণিকক্ষ মেরামত করে স্কুলটি সচল রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব কুমার বর্মণ জানান, নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতার মধ্যেও তারা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। কোনো বেতন-ভাতা তো দূরের কথা, নিজেদের টাকা ব্যয়ে শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিশুদের পাঠদান করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন, নিরাপদ পানির অভাব ও পর্যাপ্ত উপকরণের সঙ্কটে পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পেলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, বিদ্যালয়ের দুরবস্থার বিষয়টি তারা জেনেছেন। সরেজমিন পরিদর্শন করে শিক্ষার্থীদের নিরাপদ পানির সঙ্কট, জরাজীর্ণ ভবনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক বলেন, বিদ্যালয়টির সার্বিক পরিস্থিতি তারা পরিদর্শন করেছেন। দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যা ও নিরাপদ পানির অভাবের বিষয়টি তাদের নজরে এসেছে। নতুন ভবন নির্মাণ ও নিরাপদ পানির ব্যবস্থা করার পাশাপাশি সরকারি স্বীকৃতির বিষয়টি নীতিমালার আলোকে বিবেচনা করা হবে, যাতে এলাকার কোনো শিশুই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয়।
শত প্রতিকূলতার মধ্যেও শিক্ষক ও শিক্ষার্থীদের অদম্য চেষ্টায় চালু রয়েছে এই পাঠদান কার্যক্রম। আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামের এসব শিশুর চোখেও রয়েছে সুন্দর ভবিষ্যতের রঙিন স্বপ্ন। এখন প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ, যাতে অবহেলা আর অব্যবস্থাপনায় হারিয়ে না যায় তাদের শিক্ষার এই আলো।












Leave a Reply