২০ বছর পর আবার আ.লীগের লগি–বৈঠা তাণ্ডব, গোপালগঞ্জে তীব্র সহিংসতা

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে লগি বৈঠার তাণ্ডব চালায় আওয়ামী লীগ। এরপর কেটে গেছে ২০ বছর। আজ রবিবার (১৫ নভেম্বর) সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে গোপালগঞ্জ আবারো দেখলো লগি বৈঠার তাণ্ডব।

সকালে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সদরে অবস্থান নেয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। এসময় প্রত্যেকের হাতে লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় ছিল হেলমেট। তারা বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা। দিনভর এ বিক্ষোভের শুরুতেই জেলা আওয়ামী লীগের কার্যালয় দখল করে সেটি খুলে দেয়। এরপর মিছিল নিয়ে শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর এবং পুড়িয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সমর্থকরা। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়ার পাশাপাশি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তারা। পরে তারা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।

 

এসবের নেতৃত্ব দেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান। সকালে তার বাড়িতে খাবারের ব্যবস্থা করা হয়। সেখান থেকে গাবতলা মোড় হয়ে সালাউদ্দিনের নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়।

 

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের দেখা গেলেও তাদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। বিকেল পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *