ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে ই-কমার্স, অনলাইন ব্যবসা, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার পাশাপাশি ঢাকায় একটি কার্যালয় খোলার আগ্রহ ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

প্রতিমন্ত্রী জানান, প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদলের সঙ্গে তাদের অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও শেষ মুহূর্তে অন্য একটি জরুরি এনগেজমেন্টের কারণে তিনি যোগ দিতে পারেননি।

শামা ওবায়েদ জানান, বাংলাদেশে বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারী থাকার বিষয়টি বিবেচনা করে মেটা ঢাকায় তাদের একটি ফোকাল পয়েন্ট বা প্রশাসনিক কেন্দ্র স্থাপনে বিশেষ আগ্রহ দেখিয়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ভারতে যে পরিমাণ ফেসবুক ব্যবহারকারী রয়েছে, তুলনামূলক বিচারে বাংলাদেশে ব্যবহারকারীর উপস্থিতি তারচেয়ে জোরালো।

মেটা কর্তৃপক্ষ এখন পর্যালোচনা করে দেখবে কীভাবে ও ঠিক কখন ঢাকায় তাদের কার্যালয় আনুষ্ঠানিকভাবে চালু করা যায়।

বৈঠকে বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইন ও সার্বিক তথ্যপ্রযুক্তি নিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশের সামাজিক ও সামাজিক-মাধ্যমিক বাস্তবতায় কীভাবে ডিজিটাল হয়রানি মোকাবিলা করা যায়, সে বিষয়ে মেটা কীভাবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বা সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে পারে—তা নিয়ে আলোচনা করা হয়।

পাশাপাশি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করা এবং ই-কমার্স ও অনলাইন ব্যবসার প্রসার ঘটাতে কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে মেটা আগ্রহ প্রকাশ করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের নেতৃত্বের অধীনে প্রথম বাজেটে প্রযুক্তি খাত ও ই-কমার্স প্রসারে যেসব অগ্রাধিকারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, মেটার প্রতিনিধিদল সেটির প্রশংসা করেছে। ইঞ্জিনিয়ারিংকোর্স করুন

শামা ওবায়েদ বলেন, মেটা আমাদের উদ্যোগগুলোকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতে বাংলাদেশ টিমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *