
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মহাখালী ২০নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তালহা রহমান (৩৩) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। আহত তালহা রহমান মহাখালী রসুলবাগ এলাকার হাফিজুর রহমানের ছেলে।
আহতের ছোট ভাই মো. মুয়াম্মার রহমান জানান, রাত আনুমানিক পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা তালহাকে মুঠোফোনে কল করে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী এসএ পরিবহন ও এ বিএম পাম্পের মধ্যবর্তী গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলার পর ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।
পরে স্বজনরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টা ১৫ মিনিটে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখান থেকে চিকিৎসা পরবর্তী বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।
মুয়াম্মার রহমান জানান, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়, এ বিষয়ে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে তালহার পরিবার।












Leave a Reply