চৌদ্দগ্রামে দায়ের করা তিন মামলা থেকে অব্যাহতি পেলেন খালেদা জিয়া।

 

অনিক কুমার দাস,কুমিল্লা জেলা প্রতিনিধি।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে ঘটে যাওয়া একটি পেট্রোল বোমা হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি প্রদান করা হয়েছে। একইসঙ্গে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে।

কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের নির্দেশে প্রত্যাহার করা হয়েছে। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা হামলায় আট যাত্রী নিহত হন। এই ঘটনায় পুলিশ দুটি পৃথক মামলা দায়ের করে, যেখানে খালেদা জিয়াসহ ৭৮ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।

আদালতে শুনানির সময় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক সফিকুল ইসলাম তাকে মামলাগুলো থেকে অব্যাহতি দেন। উল্লেখ্য, ঘটনার সময় খালেদা জিয়া গুলশানের বাসায় ‘বালুর ট্রাক’ দিয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

এছাড়া, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ডভ্যান পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায়ও খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরবর্তীতে এই মামলায় আরও ১০ জনকে যুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করা হয়। এই মামলাতেও খালেদা জিয়ার সম্পৃক্ততা না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আফরোজা শিউলি তাকে অব্যাহতি দেন।

পিপি মো. কাইমুল হক রিংকু জানান, ‘আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে চৌদ্দগ্রাম থানায় বেগম খালেদা জিয়া বা বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *