মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা ও চাকরি: ফাওজুল কবির

মেট্রোরেলের ফার্মগেট স্টেশন এলাকায় পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। একই সঙ্গে ওই পরিবারে চাকরিক্ষম কোনো ব্যক্তি থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

ফাওজুল কবির খান বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। পরে নিহতের পরিবারে যদি কর্মক্ষম সদস্য থাকে তাহলে তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

তিনি আরও বলেন, আহতদের আমি একটু পরে হাসপাতালে দেখতে যাব এবং তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দুর্ঘটনায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেবে।

উল্লেখ্য, রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ (৪৫) নামে এক পথচারী নিহত হন। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে। দুর্ঘটনার পরই পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *