
গৌরনদীতে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা উদ্ধার, আটক-১
গৌরনদী (বরিশাল) থেকে মোঃ মেহেদী হাসান।
গৌরনদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাফিজুল সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী থানার আশোকাঠী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কসংলগ্ন আশোকাঠী ফিলিং স্টেশনের উত্তর পাশে বিল্বগ্রামগামী পাকা সড়কের মুখে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মো. হাফিজুল সরদারকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া হাফিজুল সরদার গৌরনদী উপজেলার মহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম গ্রামের বাসিন্দা। তিনি মো. হাকিম সরদার ও মোছা. সালেহা বেগমের ছেলে।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, উদ্ধার করা ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটের মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম। এসব ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৬ হাজার ৫০০ টাকা। জব্দ করা আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় সংরক্ষণ করা হয়েছে।
এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) সৌমেন বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটি গৌরনদী মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ ২৬ জুলাই ২০২৬ এবং জি.আর. নং-২৩৭ হিসেবে রুজু হয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততা এবং এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।
পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে গৌরনদী উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে