ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত, প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের।

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল) 

​বরিশালের আগৈলঝাড়ায় সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার সময় পেটে বলের সজোরে আঘাতে মো. আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
​শুক্রবার (১৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত আবু সাইদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়ার আল-জামিয়াতুন নাফিসিয়া আল ইসলামী (মার্কজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের (নবম শ্রেণি) ছাত্র ছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আবু সাইদ তার সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলতে স্থানীয় ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠে যান। খেলা চলাকালীন হঠাৎ একটি ফুটবল এসে তার পেটে তীব্র শক্তিতে আঘাত করে। এতে তিনি মাঠেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
​ঘটনার পরপরই মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
​পরবর্তীতে দুপুর ২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আবু সাইদকে মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, “মাদ্রাসাছাত্র আবু সাইদ ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত পেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে বরিশাল হাসপাতালে মারা যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *