আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার ২৬ সেপ্টেম্বর রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার রাতে সেরাল চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) ও একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামতকে (২৫) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ওই অভিযান শেষে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে আরও দুজনকে আটক করে। তারা হলেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং ঝালকাঠির রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আরও ২ হাজার পিস ইয়াবা।

খবর পেয়ে রাতে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ্ মো. আনছার উদ্দিন ও আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, তারা গৌরনদী উপজেলার টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হিরা মাঝির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছেন। পরে পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক ব্যবহার করে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। রোববার সকালে গ্রেপ্তার চার আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *