
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তারা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সুরভী পরিবহনের’ একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ছিটকে যায় এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। দুর্ঘটনা ঘটিয়ে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন
দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ কয়েক কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতের লাশগুলো উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।












Leave a Reply