সাকুরা পাম্পের ক্যান্টিনে যাত্রীর সঙ্গে দুর্ব্যবহারঃ প্রতিবাদ করায় অন্য যাত্রীদেরও হয়রানি

বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালসংলগ্ন সাকুরা পাম্পের ক্যান্টিনে সাধারণ যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। ক্যান্টিনে খাবার কিনতে গিয়ে মাছুদ নামে এক যাত্রী দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই যাত্রীর পক্ষে অন্য কয়েকজন যাত্রী প্রতিবাদ করলে তাঁদের সঙ্গেও ক্যান্টিনের এক কর্মচারী খারাপ আচরণ করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বিকেল ৩টা ৪৫ মিনিটে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সাকুরা পরিবহনের এসি বাস (কোচ নম্বর-৬০৯) রাজধানী ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। পথে বাসটি শিকারপুর এলাকায় সাকুরা পাম্পের নির্ধারিত যাত্রাবিরতি দেয়। এ সময় মাছুদ নামে ওই যাত্রী পাম্পের ক্যান্টিনে খাবার কিনতে গেলে সাওন নামে এক কর্মচারী তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
একপর্যায়ে ক্যান্টিনের কর্মচারীর এমন আচরণে ক্ষুব্ধ হন ওই যাত্রী। বিষয়টি নিয়ে উপস্থিত অন্য যাত্রীরা প্রতিবাদ জানালে তাঁদের সঙ্গেও সাওন দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে যাত্রাবিরতির সময় সেখানে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শুধু রোববারের ঘটনাই নয়, এর আগেও সাকুরা পাম্পের ক্যান্টিনে বিভিন্ন সময়ে সাধারণ যাত্রীদের সঙ্গে এ ধরনের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। যাত্রীদের অভিযোগ, ক্যান্টিনে খাবার বা প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে অনেকেই কর্মচারীদের কাছ থেকে অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হয়েছেন। এ ধরনের অভিযোগ বারবার সামনে এলেও সাকুরা পরিবহন কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
যাত্রীদের ভাষ্য, দূরপাল্লার বাসে যাতায়াতের সময় নির্ধারিত যাত্রাবিরতির স্থানগুলোতে যাত্রীরা খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করেন। সেখানে তাঁদের সঙ্গে ভালো ব্যবহার ও সহযোগিতাপূর্ণ আচরণ করা ক্যান্টিন কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু বারবার একই ধরনের অভিযোগ ওঠার পরও যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমার পরিবর্তে আরও বাড়বে।
যাত্রীদের অভিযোগ, ক্যান্টিনের কর্মচারীদের এমন আচরণ শুধু ব্যক্তিগত দুর্ব্যবহারের বিষয় নয়; এটি সাকুরা পরিবহনের সামগ্রিক সেবার মান ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির সঙ্গেও জড়িত। যাত্রীরা টিকিটের বিনিময়ে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের পাশাপাশি যাত্রাপথে সম্মানজনক আচরণও প্রত্যাশা করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ যাত্রী মাছুদ সাকুরা পরিবহন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর অভিযোগ, ক্যান্টিনে কর্মরত কোনো কর্মচারীর ব্যক্তিগত আচরণের কারণে সাধারণ যাত্রীদের অপমানিত হতে হওয়া অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে যাত্রাবিরতির মতো গুরুত্বপূর্ণ সময়ে যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব।
এ বিষয়ে বক্তব্য জানতে সাকুরা পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন যাত্রীদের প্রত্যাশা, সাকুরা পরিবহন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করবে এবং দায়ী কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে ক্যান্টিনে কর্মরত কর্মীদের যাত্রীদের সঙ্গে শালীন ও পেশাদার আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে। পাশাপাশি অতীতের অভিযোগগুলোও খতিয়ে দেখে যাত্রীসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *