আরিফুল ইসলাম, শ্রীপুর প্রতিনিধি:
২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩টায় ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মো: রাসেল আহমেদ নীলের উদ্যোগে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় চালা গ্রামে এলাকাবাসী, স্থানীয় মুরুব্বি, যুবসমাজ ও মা-বোনদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈনা বাজারের বিশিষ্ট ব্যক্তিত্ব ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব মো: নয়েস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মহিউদ্দিন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে স্থানীয় এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। বিশেষ করে এলাকার রাস্তাঘাট মেরামত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন।
এ সময় উপস্থিত বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। তারা বড় চালা গ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
চেয়ারম্যান পদপ্রার্থী মো: রাসেল আহমেদ নীল এলাকাবাসীর বক্তব্য ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা, দাবি ও সমস্যাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।











Leave a Reply