দুদিন পর বরিশাল সিভিল জজ আদালতের বিচারককে উদ্ধার

মোবাইল বন্ধ রেখে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় কুয়াকাটা সি-বিচ থেকে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাকী ঘুরতে গিয়েছিলেন। তার সাথে অন্য কেউ ছিল না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় আমরা একটু চিন্তিত ছিলাম। তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন।

 

এর আগে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অফিস শেষ করে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদীম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করতেন। ওইদিন আদালত থেকে তিনি আর বাসায় ফেরেননি।

দুই দিনেও তার খোঁজ না পাওয়ায় গত বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষে সাধারণ ডায়েরি করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *