মেহেদির রং ফুরানোর আগেই নিভে গেল নববধূ লিমার জীবন

বিয়ের মাত্র ছয় দিন পেরিয়েছে। হাতের মেহেদির রংও এখনো মুছে যায়নি। এর মধ্যেই শেরপুরের নালিতাবাড়ীতে শ্বশুরবাড়িতে মৃত্যু হয়েছে নববধূ লিমা আক্তারের (২০)। বুধবার (২১ অক্টোবর) ভোররাতে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী একরামুল (২২) ও শাশুড়ি ফরিদা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে লিমাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

লিমা আক্তার পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। পারিবারিকভাবে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একরামুলের সঙ্গে তার বিয়ে হয়। নতুন সংসার শুরু করার ছয় দিনের মাথায় তার এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার স্বামীর সঙ্গে বাবার বাড়িতে বেড়াতে যান লিমা। মঙ্গলবার বিকেলে স্বামীর বাড়িতে ফিরে আসেন তিনি। এ সময় বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র পছন্দ না হওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। লিমার পরিবারের অভিযোগ, ওই বিরোধের জের ধরেই তাকে শারীরিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *