মৌলভীবাজারে নারী কনস্টেবলের মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা

মৌলভীবাজারের জুড়ীতে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে এক নারী পুলিশ কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী কনস্টেবল (৩০) জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানায় দায়িত্ব পালন শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ওই নারী কনস্টেবল। এ সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন না। পথে নির্জন স্থানে পৌঁছালে পেছন দিক থেকে এক তরুণ তার মুখ চেপে ধরে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল আরেক তরুণ।

 

ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুই তরুণ মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তারা রেলস্টেশনের দিকে পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জসিম মিয়া ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যার পর ওই নারী পুলিশ সদস্য বাসার দিকে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে করে দুই তরুণ সেখানে আসে। তাদের একজন ওই নারীর মুখ চেপে ধরার চেষ্টা করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তরুণেরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী কনস্টেবলের স্বামী জানান, তার স্ত্রী প্রায়ই থানার দায়িত্ব শেষে হেঁটে একা বাসায় ফেরেন। ঘটনার দিনও একইভাবে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের কবলে পড়েন। তবে তার স্ত্রীর কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া হয়নি। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলটি অন্ধকারাচ্ছন্ন ছিল। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়েছে। একটি ফুটেজে মোটরসাইকেলে থাকা দুই তরুণকে দেখা গেছে। নারী পুলিশ সদস্য হেঁটে যাওয়ার সময় তাদের একজনকে পেছনে পেছনে যেতে দেখা যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজনকে ঘটনাস্থলের দিকে দৌড়ে যেতে দেখা যায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। জড়িত দুই তরুণকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *