কোটালীপাড়ায় মসজিদহীন সড়কে নিজের জমিতে মসজিদ গড়লেন নওমুসলিম নেয়ামত

স্টাফ রিপোর্টার মোঃ মেহেদী হাসান

দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার সড়কের আশপাশে ছিল না কোনো মসজিদ। এলাকার অধিকাংশ বাসিন্দা হিন্দু ও খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ায় মুসলিমদের নামাজ আদায়ের জন্যও ছিল না পর্যাপ্ত ব্যবস্থা। এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে নিজের জমিতে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করেন নওমুসলিম নেয়ামত। তাঁর সেই উদ্যোগে দীর্ঘদিন ধরে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন স্থানীয় মুসল্লি ও পথচারীরা। তবে সময়ের সঙ্গে মুসল্লির সংখ্যা ও মানুষের যাতায়াত বেড়ে যাওয়ায় ছোট মসজিদটিতে দেখা দিয়েছে জায়গার সংকট। এ অবস্থায় নতুন মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ শেষ করতে প্রয়োজন সবার সহযোগিতা।
ঘটনাটি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০২ সালে নিমাই তালুকদার নামের এক ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নাম রাখা হয় নেয়ামত। পরবর্তীতে তাঁর ছেলে জাবেদ আলী, নাতি মো. আবদুল্লাহসহ পরিবারের অন্য সদস্যরাও ইসলাম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর নিজের জমিতে নামাজ আদায়ের সুবিধার্থে একটি ছোট মসজিদ প্রতিষ্ঠা করেন নেয়ামত মিয়া। শুরুতে সেখানে নিয়মিত পাঁচ থেকে সাতজন মুসল্লি নামাজ আদায় করতেন।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, পীরেরবাড়ী থেকে রামশীল হয়ে পয়সারহাট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কটি পাকা হওয়ার পর এ পথে মানুষের চলাচল অনেক বেড়ে যায়। ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন প্রয়োজনে যাতায়াতকারী মুসলিম ব্যক্তিরাও নামাজের সময় ওই মসজিদে সমবেত হন। ফলে আগের ছোট মসজিদটিতে এখন অনেক সময় মুসল্লিদের জায়গা সংকুলান হয় না। বাধ্য হয়ে কাউকে কাউকে মসজিদের বাইরে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়।
মুসল্লিদের এ দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় কয়েকজন ধর্মপ্রাণ ব্যক্তি সড়কের অপর পাশে নতুন একটি পাকা মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। ইতোমধ্যে মসজিদটির ছাদ ঢালাই ও দেয়াল নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। তবে এখনো বাকি রয়েছে দরজা-জানালা স্থাপন, বিদ্যুৎ সংযোগ, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, অজুখানা ও ওয়াশরুম নির্মাণসহ বেশ কিছু আনুষঙ্গিক কাজ।
মসজিদটির ইমাম গোলাম মোস্তফা বলেন, নতুন মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে স্থানীয় মুসল্লিদের পাশাপাশি এ সড়কে চলাচলকারী পথচারী ও ব্যবসায়ীরাও নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবেন। অসমাপ্ত কাজগুলো শেষ করতে তিনি দেশ-বিদেশের সামর্থ্যবান ও দ্বীনদরদি মুসলিম ভাইদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হবে। একই সঙ্গে নওমুসলিম নেয়ামত মিয়ার ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া ছোট্ট এই ধর্মীয় প্রতিষ্ঠানের পরিসর আরও বিস্তৃত হবে। এতে উপকৃত হবেন স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী ও দূরদূরান্ত থেকে যাতায়াতকারী অসংখ্য পথচারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *