সভ্য সমাজের সচেতন মানুষ জামায়াত-শিবিরের সঙ্গে মেশে না : রাশেদ খান

সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাইবার স্পেসে জামায়াত-শিবিরের গালিগালাজ ও অসম্মানসূচক শব্দচয়নের কারণে অধিকাংশ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলে না। তবে অনেকের কণ্ঠস্বর রুদ্ধ করতে পারলেও তার মতো হাতেগোনা কয়েকজন তাদের মিথ্যা ন্যারেটিভের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো লিখেছেন, গণ-অভ্যুত্থানের পর ছদ্মবেশী আবরণ থেকে বের হওয়ার পর সচেতন মানুষের কাছে জামায়াত-শিবির সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়েছে।

তার দাবি, দলটির আমির থেকে শুরু করে কর্মী পর্যন্ত সবাই মোটামুটি একই চরিত্রের অধিকারী। তারা কখনো যুক্তি বা তথ্য দিয়ে জবাব দেয় না। বরং সম্মিলিত সাইবার অ্যাটাকের মাধ্যমে কাউকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে।

 

নিজের বিরুদ্ধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অবস্থান প্রসঙ্গে রাশেদ খান বলেন, তিনি যখন একের পর এক তাদের মিথ্যা ন্যারেটিভ ভেঙে তছনছ করে দিয়েছেন, তখন দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা তার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছেন।

জাতীয় সংসদে জামায়াতের আমিরের ক্ষুব্ধ বক্তব্য শুনলেই তার কর্মকাণ্ডে দলটির মিথ্যা ন্যারেটিভের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা বোঝা যায় বলে মন্তব্য করেন তিনি।

 

পোস্টে বিশেষভাবে মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের দুই সংসদ সদস্যকে ঘিরে ওঠা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খান। তিনি দাবি করেন, মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠকের তথ্য-প্রমাণ তুলে ধরা এবং জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলের পর আরেক সংসদ সদস্য আমির হামজার নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ড প্রকাশিত হওয়ায় জামায়াত নেতাদের মুখোশ এখন মাঠেঘাটে উন্মোচিত হয়ে গেছে। এ কারণেই তারা পাগলের মতো উন্মাদ হয়ে তার বিরুদ্ধে নেমেছেন বলে দাবি করেন তিনি।

জামায়াত-শিবিরের সামাজিক অবস্থান নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

তিনি লেখেন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই। সভ্য সমাজের সচেতন মানুষ তাদের সঙ্গে মেশে না। তারা নিজেদের গোষ্ঠীর লোকজন নিয়ে জঙ্গলে বসবাসকারীদের মতো বিচ্ছিন্ন থাকে।

 

পোস্টে রাশেদ খান বলেন, বিরোধী দল হওয়ার পর থেকে জামায়াত-শিবির যে জাহেলিয়াতি শুরু করেছে, একটা সময় আসবে যখন মানুষ তাদের ধারেকাছেও যেতে চাইবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *