জমি দখলের জেরে সংঘর্ষ, কুপিয়ে জখম ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কামারগাঁও এলাকায় জমি দখল করতে বাধা দেওয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় নারীসহ ১০ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মীর কবির কিছু সন্ত্রাসী লালন করে এলাকার নিরীহ মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি করে ব্যবসা করে আসছিলেন। সোমবার শাহ জামালের জমি দখল করতে গেলে তারা বাধা দেন।

এসময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মীর কবিরের নেতৃত্বে রফিক, রতন, সাগর, রানা, হাসমত, রমজান, জুলহাস, কালামসহ ১৫/২০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাদের কুপিয়ে আহত করে। হামলায় সিফাত, রাহাত, মাসুদ, জুয়েল, টগর, তাহমিনাসহ ১০ জন আহত হন।

আরও জানা গেছে, এলাকাবাসীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তবে, পরে সন্ত্রাসীরা আবারও হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহ জামাল বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিবুল্লাহ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *