ট্রাকচাপায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

মেহেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফারহানা ওয়াহেদা নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর-ষোলমারী সড়কের ফতেপুরে এ দুর্ঘটনা ঘটে। ফারহানার বাড়ি শহরের পেয়াদা পাড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।


প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বামী রাইহানুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে শহরের পেয়াদাপাড়া থেকে ফারহানাকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি রামদাসপুর গ্রামের উদ্দেশ্যে বের হন। মোটরসাইকেলটি ফতেপুর ইটভাটার কাছে পৌঁছালে একটি ট্রাককে অতিক্রম করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা ইটের স্তুপের মধ্যে পড়ে যায় মোটরসাইকেলটি। আর পেছনে থাকা ফারহানা পড়ে যান পাশে থাকা ট্রাকের মাঝখানে। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আহত হন রাইহানুল। এলাকাবাসী দ্রুত এসে তাদের উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, ঘটনাস্থল থেকে লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। তবে পারিবার ময়নাতদন্ত করতে রাজি নয়। লিখিত পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *