মাদারীপুরের সীমান্তবর্তী চরপ্রসন্নদী, গোপালগঞ্জের মুকসুদপুরের দিকনগর ও বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সকাল ১১টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে মাদারীপুরের টেকেরহাট বন্দরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যানবাহনের চালক ও যাত্রীরা।
জানা গেছে, সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা সাদ্দাম শেখ এবং ছাত্রলীগ নেত্রী আনু শেখের নেতৃত্বে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের রাঘদী, দিকনগর, চরপ্রসন্নদী ও বরইতলা এলাকায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁরা।
অবরোধের কারণে মহাসড়কের মাদারীপুর অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরদূরান্ত থেকে আসা যানবাহনের চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সহিংসতা এড়াতে মাদারীপুর থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ঘোষণা করে জেলা বাস মালিক সমিতি। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের দুর্ভোগ আরও বেড়ে যায়।
এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে রাজৈর উপজেলা বিএনপির নেতারা টেকেরহাটে প্রতিবাদ সমাবেশ করেন।
পরে বিকেল ৪টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।












Leave a Reply