বরিশালে মাদকের আসর থেকে আটক হওয়া পুলিশের এএসআই দেলোয়ার হোসেন (৩৮) থানা থেকে পালিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক হন তিনি।
এরপর এদিন সন্ধ্যার দিকে তিনি থানা পালিয়ে যান বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম। দেলোয়ার বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই ও খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার মো. সাখাওয়াত হোসেন সিকদারের ছেলে।
বৃহস্পতিবার তার সঙ্গে আরো আটক হন—বাগেরহাট জেলার ফকিরহাটের ভট্টখামার নোয়াপাড়া এলাকার আবু সাঈদ মোল্লার ছেলে নাহিদ হাসান (২৬), বরিশাল সদরের দক্ষিণ কড়াপুর এলাকার মৃত এম এ বারির ছেলে মো. মিরাজুল ইসলাম (৩৪) ও বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার হেমায়েত গাজীর ছেলে ফাতেমা আক্তার নুরজাত (৩০)।
জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ওই বাড়ি থেকেই আটক করা হয় পুলিশের এএসআই দেলোয়ারসহ ৪ জনকে। আটকের পর দেলোয়ার হোসেনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ থানা থেকে পালিয়ে গেছেন।
থানার ওসি রফিকুল ইসলাম জানান, তিনি পালাননি, হয়তো ভয়ে দূরে কোথায় গেছেন।











Leave a Reply